জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ১৫ জন অসুস্থ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৫তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত (ভূতাপেক্ষ পার্ট-২) কর্মসূচির আওতায় সিলেট-৪ সংসদীয় আসনের বিভিন্ন রোগে আক্রান্ত ১৫ জন রোগীর মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেটের উদ্যোগে এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেটের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেটের প্রশাসনিক কর্মকর্তা রনি দেব, নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির খান ও আখলাকুল আম্বিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ তাপস চন্দ্র পাল।
এ সময় বক্তারা অসহায় ও অসুস্থ রোগীদের চিকিৎসাসেবায় আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের চিকিৎসাসহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।