
কাউন্সিলর আজাদ কাপ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৫ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার রাতে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দুই পর্বে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের ‘ইন্টার একাডেমি’ পর্বে অংশ নিচ্ছে সিলেটের চারটি ব্যাডমিন্টন একাডেমির পেশাদার কৃতি খেলোয়াড়রা। এছাড়া টুর্নামেন্টে ‘গোল্ডেন পাস্ট’ পর্বে অংশ নিচ্ছেন সিলেটের বিভিন্ন পেশায় নিয়োজিত অপেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়রা।
টুর্নামেন্টের অনলাইন মিডিয়া পার্টনারের দায়িত্বে রয়েছে সিলেটভিউ২৪ডটকম।
টুর্নামেন্টের প্রবর্তক সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম ও দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক।
চ্যানেল-এস এর ব্যুরো প্রধান ও সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মন্জুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা দলের সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় আবু আইয়ূব চৌধুরী, জাতীয় ব্যাডমিন্টন আম্পায়ার প্রদীপ সিংহ, জহর চৌধুরী বাবু, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, চৌকস ব্যাডমিন্টন একাডেমির পরিচালক মনজুর আল মামুন, সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক শিব্বির আহমদ, জাতীয় ব্যাডমিন্টন তারকা এনামুল হক এনাম, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও সিলেটভিউ২৪ডটকম সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, মল্লিক ফাইটার্সের সত্ত্বাধিকারী মুনিম মল্লিক মুন্না, জেলা ক্রীড়া সংস্থার ভলিবল কমিটির সদস্য হিরক রঞ্জন দে পাপলু, ক্রীড়ানুরাগী দবির আলী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক পরিচালক মুশফিক জায়গীরদার, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী প্রমুখ।
প্রথম দিনের খেলায়- ইন্টার একাডেমি পর্বে মুন্না-সালমান, শাহীন-জাকির, মিজান-আবীর, শাহেদ-সুমেদ, অপু-রকি, রায়হান-জুবের, বাপ্পী-মামুন, প্রভাত-রাশেদ, জাহিদ-শাকিল জুটি বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। প্রথম রাউন্ডের অবশিষ্ট খেলা শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে।
টুর্নামেন্টের প্রবর্তক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের অনুরোধের প্রেক্ষিতে প্রধান অতিথি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সিলেটের ব্যাডমিন্টন খেলোয়াড়দের খেলার সুবিধার্থে একটি নতুন ম্যাট প্রদানের ঘোষণা দেন।
এছাড়া প্রধান অতিথি এনামুল হাবীব ও বিশেষ অতিথি মাহী উদ্দিন সেলিম আগামী সিটি করপোরেশন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আরেকটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্র“তি দেন।
বিশেষ অতিথি দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেন- বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে মধ্য দিয়ে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সিলেটের ব্যাডমিন্টন খেলোয়াড়দেরকে যেভাবে মাঠে ধরে রাখার চেষ্টা করছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। ব্যাডমিন্টনের উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।