জৈন্তাপুরে পাথর চাপায় যুবকের মৃত্যু, হত্যার অভিযোগে মামলা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুল বাজার ব্রিজের পশ্চিম পাশে মেসার্স বশির উদ্দিন ট্রেডার্সে পাথরবোঝাই হাইড্রোলিক ট্রাকের চাপায় শাহীন আহমদ (২৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহীন আহমদ উপজেলার শ্রীখেল গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মেসার্স বশির উদ্দিন ট্রেডার্সে কাজ করতেন।
হত্যার অভিযোগে মামলা ঘটনার দুই দিন পর নিহতের ভাই কয়ছর মিয়া বাদী হয়ে প্রতিষ্ঠানের মালিক মো. নাজিম উদ্দীনসহ চারজনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়—নিহত শাহীনের ৫–৬ মাসের বেতন বকেয়া ছিল। এ নিয়ে কর্মচারীরা বকেয়া বেতন দাবি করলে মালিক পক্ষ ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়। এজাহারে আরও বলা হয়, পরিকল্পিতভাবে ড্রাইভার ফাহাদ আহমদ হাইড্রোলিক ট্রাকের পাথর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে শাহীন চাপা পড়ে মারা যান, পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রচার করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মো. বশির উদ্দিন বলেন, এটা পরিকল্পিত হত্যা। আলহাজ্ব জয়নাল আবেদীন টাকা দিয়ে ড্রাইভার ফরহাদ আহমদকে ভাড়া করে আমার দোকানের কর্মচারীকে হত্যা করে দায় আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমাকে ফাঁসানোর জন্য। আমাকে ফাঁসানোর জন্য তারা নাটক করেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তাজুল ইসলাম পিপিএম বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।