জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বার স্মরণে জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরের কৃতী সন্তান, বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, সমাজসেবক ও ইসলামী ব্যক্তিত্ব মরহুম মাওলানা আব্দুল জব্বার (রহ.) ছিলেন বৃহত্তর সিলেটের এক কীর্তিমান পুরুষ। শুধু তাই নয়, তিনি ছিলেন সমাজের সকল অসঙ্গতি তুলে ধরা এবং সকল অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদী এক মুজাহিদ। তাঁর জীবন ছিল জ্ঞান, আমল, তাকওয়া এবং মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মাদ্রাসা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একজন দক্ষ শিক্ষানুরাগী হিসেবে অসংখ্য ছাত্রকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। মাওলানা আব্দুল জব্বার (রহ.) ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও জনদরদী মানুষ। সমাজের সুখ-দুঃখে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর নেতৃত্বে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটেছে এবং সমাজে শান্তি, সম্প্রীতিসহ মানবিকতার বার্তা ছড়িয়ে পড়েছিল। তিনি শুধু একজন আলেমই ছিলেন না, বরং একজন সফল সংগঠকও ছিলেন। বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে তিনি সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, ন্যায়পরায়ণতা এবং আদর্শিক দৃঢ়তা তাঁকে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্হান করে নিয়েছে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর কর্ম, শিক্ষা ও আদর্শ চিরকাল আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবার, ছাত্র-শিষ্য ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
১৪ জুন রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মরহুম মাওলানা আব্দুল জব্বার স্মরণে উপজেলা জমিয়ত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সদস্য মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ'র উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, জাতুগ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা রুহুল আমিন, লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম, খরিলহাট মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক, পাখিবিল মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুল ইসলাম, আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, লামনীগ্রাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুছ, শিক্ষক হাফিজ আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুর রউফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, মরহুম মাওলানা আব্দুল জব্বার (রহঃ) 'র ছেলে হাফিজ মাওলানা নাকিব আসজাদ প্রমুখ। পরে মরহুম মাওলানা আব্দুল জব্বার (রহ)'র রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।