

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুতে শূন্য ঘোষণা হওয়া আসনে আগামী ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সচিব মো. জাহাংগীর আলম।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়পত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার পাঁচ এপ্রিল। প্রতীক বরাদ্দ ছয় এপ্রিল।
এই ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। তবে এ আসনে সিসি ক্যামেরা থাকবে না।
গত পাঁচ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।



