জঙ্গি-জামায়াত-বিএনপির সাথে আঁতাতের অভিযোগ:কতোয়ালীর ওসির প্রত্যাহার দাবি স্বেচ্ছাসেবক লীগের


সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদের প্রত্যাহারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। রবিবার সিলেট নগরীকে মিছিল-সমাবেশ করে এ আল্টিমেটাম দেয়া হয়।
রবিবার বিকেলে সিলেট জেলা পরিষদের সামনে থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ওসির বিরুদ্ধে মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- ওসি সুহেল জামায়াত-বিএনপির সাথে আঁতাত করে চলছেন। ওসি সুহেলের প্রত্যক্ষ মদদে নগরীর কুয়ারপাড়ে ছাত্রদল নেতা সামাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। ওসি সুহেলকে ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুহিব উস সালাম রিজভির সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি আফসার আজিজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম কিবরিয়া মাসুক, পিযুষ কান্তি দে, অরুণ দেবনাথ সাগর, এমদাদ রহমান, মকবুল হোসেন জাবেদ, মাসুক আহমদ প্রমুখ।



