জৈন্তাপুরে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা, থানায় মামলা, আহত ২


উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্ধরা। বলেন এই ধরনের নেক্কার জনক হামলার ঘটনায় সুষ্ঠু বিচার না পেলে উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে
জৈন্তাপুর থেকে :: সিলেট জৈন্তাপুর উপজেলার খারুবিল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায় ২ জন আহত হয়েছেন। এঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে শফাত হুসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে থানা সূত্রে জানা যায়।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিলেট জৈন্তাপুর উপজেলার খারুবিল গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের সাথে মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ঘর মেরামতের জন্য বসত বাড়ীর পূর্ব পাশ হতে মুক্তিযোদ্ধার ছেলে আলী আহমদের স্ত্রী ২ টুকরি মাটি নিয়ে আসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ খারুবিল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মাহবুব হুসেন (৪০), জাকারিয়া (৩৮), কিবরিয়া (৩২), ইয়াহিয়া (২৮), নোমান (২২), একই গ্রামের মৃত তবারক আলীর ছেলে বশির আহমদ (৫৫) এবং বিরাইমারা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নিজাম উদ্দিন (৪৮) গংরা দলবদ্ধ হয়ে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা চালায়। গুরুত্বর আহত হওয়ার পরও হামলাকারীরা তাদের প্রাণে মারার লক্ষ্যে দেশিয় অস্ত্র শাবল-সুলফি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এসময় বাড়ীর মহিলাদের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল হতে আহতবস্থায় বীর মুক্তিযোদ্ধা ছইদ আলী ও তার ছেলে আলী আহমদকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে আলী আহমদ কিছুটা সুস্থ হলেও মুক্তিযোদ্ধা ছইদ আলী এখনও সঙ্গাহীন রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) মুক্তিযোদ্ধার ছেলে শফাত হুসেন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্ধরা। তারা আরও বলেন এই ধরনের নেক্কার জনক হামলার ঘটনায় সুষ্ঠু বিচার না পেলে উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক প্রতিবেদককে বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক ভাবে তদন্তপূর্বক অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করেছি এবং আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে



