ভুল প্রশ্নে পরীক্ষা গ্রহণ : কোম্পানীগঞ্জে কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি


অভিযোগে কেন্দ্রসচিবসহ ৩ জনকে মঙ্গলবার রাতে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কোম্পানীগঞ্জের কলাবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দিয়ে (অবজেক্টিভ) পরীক্ষা নেয়ার অভিযোগে কেন্দ্রসচিবসহ ৩ জনকে মঙ্গলবার রাতে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।

ইউএনও জানান, এ ঘটনায় কেন্দ্রসচিব ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হক, সহকারী কেন্দ্রসচিব ও কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এবং হল সুপার রণিখাই হুমায়ূন রশিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এসএসসি পরীক্ষার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দিয়ে বাংলা প্রথম পত্র (অবজেক্টিভ) পরীক্ষা নেয়ার অভিযোগ উঠে। ওই কেন্দ্রে ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ২০১৮ সালের প্রশ্নপত্রে তাদের পরীক্ষা গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ উঠে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানান, বোর্ড কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত না হলেও বিষয়টি তদন্ত করা হবে। শিক্ষকের ভুলের কারণে পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়-সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, মঙ্গলবারের বাংলা দ্বিতীয় পরীক্ষায় সিলেট বোর্ডে ৯২ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল-৯১ হাজার ৮৫৫ জন। অনুপস্থিত ৩৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সিলেটে ১৩৯, হবিগঞ্জে ৭০, মৌলভীবাজারে ৬৪ এবং সুনামগঞ্জে ৯১ জন শিক্ষার্থী রয়েছে।



