আইনসিলেট বিভাগ

মোহাম্মদ ফরিদ উদ্দিন ( পিপিএম) বলেন সিলেট জেলার প্রতিটি থানা হবে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আশ্রয়স্থল

 

মুফিজুর রহমান নাহিদঃসিলেট জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, আইন শৃঙ্খলার উন্নয়নসহ সকল ক্ষেত্রে দেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশের মধ্যেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন বন্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সিলেটে যোগদান করার পর থেকে প্রতিটি থানা এলাকায় ছুটে যাচ্ছি এবং জনসাধারণ থানা থেকে যাতে করে দ্রুত সব ধরনের আইনি সহায়তা সহজে পেতে পারেন এজন্য সবাইকে নিয়ে সুধী সমাবেশে মিলিত হচ্ছি।

রোববার (১৪ জুলাই) বিকাল ৩ টায় কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক এক সুধী সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, আমি সিলেটে পূর্বে কর্মরত ছিলাম। আমার প্রতিজ্ঞা, সিলেট জেলার প্রতিটি থানা হবে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আশ্রয়স্থল। মানুষ থানায় ছুটে আসার পর যাতে দ্রুত আইনি সেবা পান এবং থানায় জিডি করতে চাইলে কোন প্রকার অজুহাত সৃষ্টি না করে ৫মিনিটের মধ্যে জিডি করতে হবে। অন্যথায় দায়িত্ব পালনে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেন তিনি। প্রতিটি থানা দালাল ও টাউট মুক্ত করারও ঘোষণা দেন তিনি।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও থানা সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলামের পরিচালনায় সুধী সমাবেশে সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে নানা ধরনের অভিমত ব্যক্ত করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিন।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ চৌধুরী, রিংকু চক্রবর্তী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সিলেট শাবিপ্রবি’র কলেজ পরিদর্শক সাবেক ছাত্রনেতা তাজিম উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, হারুনুর রশিদ চতুলী প্রমুখ।

সুধী সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button