সিলেট জেলা পরিষদ নির্বাচনের ১নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত

সিলেট জেলা পরিষদ নির্বাচনের ১নং ওয়ার্ডের সদস্য (পুরুষ) নির্বাচন স্থগিত হয়ে গেছে। ২২ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) থেকে পাঠানো নির্দেশনায় কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন ও সিলেট জেলা পরিষদ নির্বাচনের ১নং ওয়ার্ডের সদস্য (পুরুষ) নির্বাচন স্থগিত করা হয়।
সিলেট জেলা নির্বাচন কার্যালয় থেকে এর সত্যতা নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান।
আজিজুর রহমান বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ি কেবল সিলেট জেলা পরিষদ নির্বাচনের সদস্য (পুরুষ) পদে নির্বাচন স্থগিত হয়েছে। কিন্তু একই ওয়ার্ডের অন্যান্য (চেয়ারম্যান ও মহিলা সদস্য) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাকি ওয়ার্ডগুলোর নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।
কী কারণে পুরুষ সদস্য পদে নির্বাচন স্থগিত হয়েছে এ সম্পর্কে ইসির চিঠিতে বিস্তারিত না থাকায় তিনি কিছু জানাতে পারেন নি।

এদিকে, জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ব্যালট পেপারে সদস্য পদে ১২টি প্রতীক থাকা এবং সিলেট পরিষদ নির্বাচনের ১নং ওয়ার্ডের সদস্য (পুরুষ) প্রার্থী ১৩ জন হওয়ার কারণে প্রাথমিকভাবে এ নির্বাচন স্থগিত হয়। ১৩টি প্রতীক সম্বলিত ব্যালট পেপার বরাদ্দের প্রেক্ষিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে প্রার্থী হিসেবে স্বপন বর্মণ গত ১ ডিসেম্বর মনোয়নপত্র দাখিল করেন। গত ৩ ডিসেম্বর প্রার্থীতা যাচাইবাচাইয়ে তার মনোনয়পত্র বাতিল হয়ে যায়। পরবর্তীতে ৬ ডিসেম্বর জেলা পরিষদ নিবার্চনের আপিল কর্তৃপক্ষ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এর কাছে পুনঃবিবেচনার আপিল করলে ৮ ডিসেম্বর তা নামঞ্জুর হয়। পরবর্তিতে হাইকোর্টে আপিল করলে তার মনোয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
শেয়ার করুন



