আন্তর্জাতিক

৫০টি এমব্রায়ার বিমান কেনার কথা নিশ্চিত করল ইরান

ব্রাজিলের কাছ থেকে ৫০টি এমব্রায়ার বিমান কেনার কথা নিশ্চিত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরান সরকারের মুখপাত্র মোহাম্মাদ বাকের নোবখত আজ (মঙ্গলবার) বিমান অর্ডারের কথা নিশ্চিত করেন। ব্রাজিলের এমব্রায়ার হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহৎ বাণিজ্যিক বিমান প্রস্তুতকারী কোম্পানি।

আজ দিন শুরুর দিকে ব্রাজিলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ব্রাজিলের এমব্রায়ার কোম্পানি থেকে ইরান ৫০টি বিমান কেনার বিষয়ে আগ্রহী। নোবখত জানান, ব্রাজিলের সঙ্গে কিস্তিতে বিমান কেনার চুক্তি হবে এবং সরকার অভ্যন্তরীণভাবে স্থানীয় মুদ্রার বিশেষ কোনো তহবিল যোগান দেবে না।

গত অক্টোবর মাসে ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী আরমন্দো মেন্টরিও’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরান সফর করে এবং ব্রাজিল থেকে বিমান, ট্যাক্সি, বাস ও ট্রাক কেনার বিষয়ে সে সময় থেকে দু দেশ আলোচনা শুরু করে।

এরইমধ্যে ইরান ফ্রান্স থেকে ১১৮টি এয়ারবাস কেনার চুক্তি করেছে এবং আরো বিমান কেনার পরিকল্পনা করছে। ইরানের বিমানবহরে বেশিরভাগই পুরোন বিমান; সে কারণে ইরান অন্তত ৫০০ যাত্রীবাহী বিমান কেনার লক্ষ্য ঠিক করেছে বলে বিভিন্ন সময় খবর বেরিয়েছে। এর অংশ হিসেবে মার্কিন বোয়িং কোম্পানির কাছ থেকেও ধারে অথবা নগদ অর্থে বিমান কেনার বিষয়ে আলোচনা করছে তেহরান।

ইরানের এয়ারলাইন্সের ওপর ১৯৯৫ সাল থেকে নিষেধাজ্ঞা বলবত ছিল। সম্প্রতি পরমাণু চুক্তির আওতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরান এখন দ্রুত তার বিমানবহরে প্রয়োজনীয় বিমান যোগ করার চেষ্টা করছে।

Related Articles

Leave a Reply

Back to top button