সিলেট বিভাগ

আবরার হত্যার প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক: বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ও হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবিতে রোববার (১৩ অক্টোবর) সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাকিব, সুমিত, মেহরাব ও মিত্রা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আল-আমিন, নির্ঝর প্রকাশ এবং নর্থইস্ট ইউনিভার্সিটির উত্তম কাব্যসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা তাদের ৪টি দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হলো- আবরার সহ সকল হত্যার বিচার দ্রুত কার্যকর করা, সর্বসাধারণের বাকস্বাধীনতা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং ক্যাম্পাসে দলীয় দখলদারিত্ব ও শক্তি প্রদর্শন বন্ধ করা।

বক্তারা আরো বলেন, বিচারহীনতার যে অপসংস্কৃতি আমাদের দেশে সৃষ্টি হয়েছে তা দ্রুত নির্মূল করতে হবে। আর যাতে এ রকমভাবে কোনো মায়ের বুক খালি না হয়, কোনো মানুষকে যেন এভাবে হত্যা করা না হয়।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আবরার হত্যার দ্রুত বিচার করার নির্দেশ দেওয়ার জন্য। এছাড়াও বক্তারা প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জানান মানববন্ধনে সহযোগিতা করার জন্য।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর মেধাবী ছাত্র আবরারকে বুয়েটের শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার সাথে জড়িত সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী ছিল। ইতিমধ্যে আবরার হত্যা মামলার সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকে এরই মধ্যে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button