কোটি টাকা আত্মসাৎ: সিলেটে গ্রেফতার ব্যাংক কর্মকর্তা কারাগারে

সিলেটের বিশ্বনাথ উপজেলাস্থ স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখার সাবেক ব্যবস্থাপক হোসেন আহমদকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন, সিলেটের পরিচালক ডা. মো. আবুল হাসান।
এর আগে এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাকের অভিযোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন, সিলেটের পরিচালক ডা. মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হোসেন আহমদ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সালিটিকা গ্রামের মৃত আবদুল ওয়াদুদের ছেলে।
দুর্নীতি দমন কমিশন, সিলেটের পরিচালক ডা. মো. আবুল হাসান জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখায় দায়িত্ব পালনকালে হোসেন আহমদ গ্রাহকদের টাকা ভাউচারের মাধ্যমে লেনদেন করেন। কিন্তু লেনদেনের হিসাব ব্যাংকের হিসাব বিবরণীতে যোগ করেননি।
গতবছরের ৯ জুলাই স্ট্যান্ডার্ড ব্যাংক, সিলেট আঞ্চলিক শাখার ভাইস প্রেসিডেন্ট এডিপি পারভেজ বাদী হয়ে হোসেন আহমদের বিরুদ্ধে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৬/৯/৭/১৬)।
দুদক, সিলেটের পরিচালক ডা. হাসান আরো জানান, একপর্যায়ে ওই মামলার তদন্তভার দুদকের কাছে আসে। কিন্তু তদন্তে কেচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে। তদন্তে দুদক এক কোটি ১৫ লাখ টাকারও বেশি আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।
ডা. হাসান জানান, মঙ্গলবার সিলেট নগরীর সুবিদবাজার লাভলী রোডস্থ হোসেন আহমদের বাসায় অভিযান চালানো হয়। কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঠানটুলা পয়েন্টস্থ ফুলকলি মিষ্টি ঘর থেকে হোসেনকে গ্রেফতার করা হয়।
আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডা. আবুল হাসান



