সিলেট বিভাগ

খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলের বিরুদ্ধে রায় ৮ মার্চ

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতকের ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের বিরুদ্ধে রায় আগামী ৮ মার্চ ঘোষণা করা হবে। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত আজ রবিবার এ তারিখ ধার্য করেছেন।

আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ জানান, আদালতে আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করা হয়।

এর আগে, গত ১ মার্চ সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ওই আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানে সীমাবদ্ধতা থাকায় দায়রা জজ আদালতে আসে মামলাটি।

গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। গত ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। এছাড়ার ঘটনার পর শাবি থেকে চিরতরে বহিষ্কার করা হয় বদরুলকে।

Related Articles

Leave a Reply

Back to top button