দশম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন, পিতাকে ১৫ দিনের জেল


আবু সালাম আজাদ,গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে দশম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন করায় ছাত্রীর বাবাকে ১৫দিনের জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামাদুমকা গ্রামে অভিযান চালিয়ে এ শাস্তি প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্র্যট ও সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফ আহমেদ রাসেল ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
স্থানীয় সূত্র জানায়, হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাছিমা বেগমকে পার্শবর্তী যাত্রাভাগ গ্রামের মাওলানা সমছুল ইসলামের সাথে বিবাহ কার্য সম্পাদনের জন্য বুধবার তারিখ নির্ধারন করেন তার পিতা চেরাগ আলী।
মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাল্য বিবাহের শিকার হচ্ছিল। তা রুখতে বিদ্যালয় কতৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবহিত করলে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনাকারী টিম ঘটনাস্থল পরিদর্শন করে মেয়ের অপ্রাপ্ত বয়সের বিষয়ে সত্যতা পাওয়ার পর ঘটনাস্থলেই কনের পিতা চেরাগ আলীকে ১৫ দিনের জেল প্রধান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, যুগ্ম সম্পাদক আলী হোসেন, এস আই আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন বলেন, গোয়াইনঘাট উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাল্য বিবাহ একটি সামাজিক দন্ডনীয় অপরাধ এ অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।



