লিডিং ইউনিভার্সিটিতে সিলেট বিতর্ক উৎসব শুরু


:: সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে সোমবার এলইউ ডিবেটিং ক্লাবের তত্ত্বাবধানে ২২মে থেকে ২৪মে পর্যন্ত তিনদিন ব্যাপী ‘সিলেট বিতর্ক উৎসব ২০১৭’ (কলেজ সংস্করণ) শুরু হয়েছে।
সোমবার দুপুর ১২টায় রংমহল টাওয়ার ক্যাম্পাসের পুরকৌশল বিভাগের ৫০৯ নং রুমে উৎসবের উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লিডিং ইউনিভার্সিটিরর উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী।
উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী বলেন, আজকের সমাজ তারুণ্য নির্ভর এবং এই তরুণরা ভবিষ্যৎ সমাজের প্রতিনিধি। যুক্তি নির্ভর সমাজ গড়তে তাই তরুণ সমাজের বিকল্প নেই। তরুণ শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদে না জড়িয়ে পড়ে সেক্ষেত্রে যুক্তিচর্চা, সাহিত্য এবং সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে হবে। সিলেটের স্বনামধন্য সকল কলেজের অংশগ্রহণে সিলেট বিতর্ক উৎসব সফলভাবে সম্পন্ন হবে এ আশাবাদ ব্যক্ত করে আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
এর আগে আজিজুল গাফফার মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আব্বাস চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জহির বিন আলম, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আবুল আবরার মাসরূর আহমদ, ক্লাব উপদেষ্টাদ্বয় প্রভাষক ফরহাদ হোসেন ও প্রভাষক কাজী জাহিদ হাসান এবং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ ও ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মাহফুজ রেজা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রানা মজুমদার বাপ্পি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংসদীয় বিতর্কের উপর এক কর্মশালার আয়োজন করা হয় যেখানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন সিলেট ডিবেট ফেডারেশনের সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন।
উল্লেখ্য যে, আগামীকাল মঙ্গলবার লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে দিনভর বিতর্ক অধিবেশন অনুষ্ঠিত হবে।



