সপ্তাহে সাত দিন নাদিয়া

স্টাফ রিপোর্টার:
সপ্তাহের সাত দিন টিভি চ্যানেলে দেখা যাবে জনপ্রিয় মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়াকে। এই অভিনেত্রীর হাতে আছে পাঁচটি ধারাবাহিক নাটক। সপ্তাহজুড়ে বিভিন্ন চ্যানেলে থাকছে এগুলো। নাদিয়া অভিনীত নাটকগুলোর মধ্যে আরটিভিতে প্রতি বুধ-শনিবারে প্রচার হচ্ছে ‘চিটিং মাস্টার’, এনটিভিতে বৃহস্পতি-শনিবারে ‘শহরালী’, এসএটিভিতে ‘ব্যাক বেঞ্চারস’ প্রতি রবি-বৃহস্পতিবারে প্রচার হচ্ছে। এ ছাড়া আজ থেকে দেশটিভিতে প্রতি মঙ্গল-বৃহস্পতিবারে ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ ও আগামী ৬ই সেপ্টেম্বর থেকে বাংলাভিশনে প্রতি রবি-সোমবার তার অভিনীত ‘বিবাহ হবে’ ধারাবাহিকটি প্রচার হবে। নাদিয়া বলেন, পুরো সপ্তাহজুড়ে দর্শকদের সঙ্গে থাকবো এটা বেশ আনন্দের। নির্মাতারা আমার ওপর আস্থা রাখেন এই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিটি ধারাবাহিকে ভিন্ন ভিন্ন চরিত্রে আমি দর্শকদের সঙ্গে থাকবো।এদিকে ঈদের পর থেকে শুটিং করছেন এই অভিনেত্রী। ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকেও অভিনয় করছেন বলে জানান। তবে ইনডোরভিত্তিক কাজগুলোকে এখন বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। গেল ঈদে এই অভিনেত্রীকে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। এরমধ্যে তৌসিফের বিপরীতে ‘অপেক্ষার নীল প্রহর’ ও মোশাররফ করিমের বিপরীতে ‘টারজান ভিসা’ নাটক দু’টির জন্য বেশ সাড়া পেয়েছেন।



