হবিগঞ্জ জেলা

হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে ফের অভিযান, মিলল অস্ত্র-গুলি

হবিগঞ্জের সাতছড়ির গহীন অরণ্যে অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল। সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারের খবর পাওয়া গেছে। আরও অস্ত্র আছে কিনা তা দেখতে এখনো উদ্ধার অভিযান চলছে।

সিটিটিসি’র ডিসি আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করে জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে সিটিটিসির অভিযানে ইতোমধ্যে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এখনো অভিযান চলছে। অভিযানের ব্যাপারে বিস্তারিত জানাতে পরে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান সিটিটিসির এই কর্মকর্তা।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্রের সন্ধানে এখনো অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিটিটিসি ইউনিটের একটি দল সাতছড়িতে অবস্থান নেয়। সকাল থেকে তারা গহীন অরণ্যে অভিযান শুরু করে।

২০১৪ সালের ১ জুন থেকে ওই বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

একই বছরের ১৬ অক্টোবর থেকে চতুর্থ দফায় প্রথম পর্যায়ে উদ্যানের গহীন অরণ্যে মাটি খুঁড়ে ৩টি মেশিনগান, ৪টি ব্যারেল, ৮টি ম্যাগজিন, ২৫০ গুলির ধারণক্ষমতাসম্পন্ন ৮টি বেল্ট ও উচ্চক্ষমতাসম্পন্ন রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

২০১৮ সালের ২ ফেব্রুয়ারি পঞ্চম দফায় সাতছড়িতে অভিযান চালিয়ে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়। ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। গত ২ মার্চ বিজিবি অভিযান চালিয়ে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট গোলা উদ্ধার করে। সর্বশেষ ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button