সিলেটে দক্ষিণ সুরমায় পেট্রলবাহী লরিতে কাজ করার সময় বিস্ফোরণ নিহত ২


জনতারডাক:: সিলেটের দক্ষিণ সুরমায় তেলের লরিতে বিস্ফোরণের ঘটনা ঘটে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- কুচাই এলাকার বাসিন্দা ওয়ার্কশপের কর্মচারী কমর (৩৫) ও ওয়ার্কশপের মালিক ও লরিটির চালক মনির (৫০)।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের মোগলা বাজার থানাধীন কুচাই এলাকার মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন থানার ওসি আখতার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ি (ঢাকা মেট্রো চ-৪১-০২০৯) ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় আগুন ধরে যায়। এতে দুইজন নিহত জন। আরেকজন গুরুতর আহত হন। আহতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে সিলেট ফায়ার স্টেশনের কর্মকর্তা রায়হান চৌধুরীর নেতৃত্বে দমকল বাহিনী সিলেটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং মরদেহগুলো উদ্ধার করেন।
অফিসার রায়হান চৌধুরী বলেন, গাড়ির ভেতরে মেরামত করতে গিয়ে ওয়েলডিংকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনায় একজনের মরদেহ গাড়ির বাইরে ছিটকে পড়ে। আরেকজনের মরদেহ গাড়ির ভেতর থেকে বের করা হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, পদ্মা ওয়েলের গাড়িটি মেরামত করতে গিয়ে ওয়েল্ডিং করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গাড়িতে গ্যাস জমেছিলো বলে ধারণা করা হচ্ছে।



