সিলেট বিভাগ

আদালতে আত্মসমর্পণ করলেন সিলেটের সৈয়দা ইকবাল মান্দ বানু  

 

 ডেস্ক ::   সম্পদের হিসাব দাখিল না করা সংক্রান্ত দুর্নীতির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি ও সিলেটের জোবায়দা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু।

ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে দমন কমিশনের (দুদক) মামলাটিতে হাজির হয়ে জামিনের আবেদন জানান তিনি।

তবে আদালত চত্বরে এসে বয়সজনিত অসুস্থতার কারণে গাড়ি থেকে নেমে এজলাস কক্ষে যেতে পারেননি সৈয়দা ইকবাল মান্দ বানু।

তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাসুদ আহমেদ তালুকদার আদালতকে জানান, তার বয়স ৭৫ বছর ও তিনি অসুস্থ। তাই এজলাসকক্ষে আসতে না পেরে গাড়িতে বসে রয়েছেন।

এ সময় আদালতের নির্দেশে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বাইরে গিয়ে দেখে এসে বিষয়টির সত্যতা জানান। এর ভিত্তিতে আদালত সৈয়দা ইকবাল মান্দ বানুর জামিন মঞ্জুর করেন।

গত ১২ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল ওইদিন জানান, মামলায় দাখিল করা দুদকের চার্জশিট আমলে নিয়ে বিচারক এ পরোয়ানা জারি করেন।

আগামী ১৪ মে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে সৈয়দা ইকবাল মান্দ বানুকে চিঠি দেয় দুদক। কিন্তু তিনি হাইকোর্টে রিট করে এ বিষয়ে স্থগিতাদেশ পান। এর বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ইকবাল মান্দ বানু সম্পদের বিবরণী দাখিল না করায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় এ মামলাটি করেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button