জৈন্তাপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘাতক ট্রাক উদ্ধার
জৈন্তাপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘাতক ট্রাক উদ্ধার


জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শামস তাহির (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও প্রায় পাঁচ ঘণ্টা পর সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে ঘাতক ট্রাকটি শনাক্ত ও উদ্ধার করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ।
ঘটনাটি ঘটে শনিবার (২১ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের পাশে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শামস তাহির নিজের মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় জাফলংগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত শামস তাহির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-২ টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক শনাক্ত ও উদ্ধারে অভিযান শুরু করে।পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান চালানো হয়। পরে শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে মোবাইল-১ টিমের সহায়তায় পুলিশের একটি দল জাফলং সড়কের জৈন্তাপুর চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০ নম্বরের ট্রাকটি উদ্ধার করে। উদ্ধার করা ট্রাকটি বর্তমানে তামাবিল হাইওয়ে থানায় রয়েছে।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে দীর্ঘ অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, ট্রাক উদ্ধারের পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।



