গোয়াইনঘাটে রাতের আঁধারে মোটরবাইকে পণ্য চলাচল, বিট পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন
গোয়াইনঘাটে রাতের আঁধারে মোটরবাইকে পণ্য চলাচল, বিট পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন


গোয়াইনঘাটে রাতের আঁধারে মোটরবাইকে পণ্য চলাচল, বিট পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং বিট এলাকার বিভিন্ন সীমান্তবর্তী পথে রাতের আঁধারে মোটরসাইকেলযোগে পণ্য আনা-নেওয়াকে কেন্দ্র করে নানা অভিযোগ ও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, লুনি, হাজিপুর, লামা পুঞ্জি, নকশিয়া, প্রতাপপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় রাতের বেলায় মোটরসাইকেলযোগে পণ্য পরিবহনের চলাচল দেখা যায়। এসব পণ্য বৈধ নাকি অবৈধ—তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে বিভিন্ন পথ ব্যবহার করে পণ্য পরিবহনের ক্ষেত্রে কারও কারও সঙ্গে লেনদেনের মাধ্যমে বিষয়টি ‘ম্যানেজ’করা হয়।
এদিকে ১১ নং মধ্য জাফলং বিটের দায়িত্বে থাকা বিট অফিসার ও একজন কনস্টেবলের ভূমিকা নিয়েও স্থানীয় পর্যায়ে নানা আলোচনা রয়েছে। কেউ কেউ তাদের ‘জনবান্ধব’ হিসেবে উল্লেখ করলেও, একই সঙ্গে রাতের বেলায় পণ্য পরিবহনের বিষয়টি তাদের নজরদারির বাইরে কীভাবে থাকে—এ প্রশ্নও উঠেছে।
স্থানীয়দের দাবি, রাতের বেলায় সীমান্তবর্তী এলাকাগুলোতে মোটরসাইকেলযোগে পণ্য পরিবহনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে বৈধ পণ্য হলে তার বৈধ কাগজপত্র এবং অবৈধ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



