জৈন্তাপুরের হরিপুরে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত


জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর ৭নং গ্যাস কুপ সংলগ্ন এলাকায় বাস-ইজিবাইক- মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত, আহত হয়েছেন আরো বেশ কয়েক জন বাস যাত্রী।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং গ্যাস কুপ সংলগ্ন এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মটরসাইকেল যাত্রী শাহপরান থানার রুস্তমপুর গ্রামের মনজুর আলীর ছেলে তাহমিদ (১২), টমটম যাত্রী নেত্রকোনা জেলার কালিয়াজুরী উপজেলার জয়নাল আবেদীনের ছেলে আতাউর রহমান (৫০) ও রুকন উদ্দিন (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে জাফলংগামী গেইটলক সিলেট ব-১১-০০০১ হরিপুর ৭নং গ্যাস কুপ সংলগ্ন এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক কে হঠাৎ ওভারটেক করে একটি মোটরসাইকেল। ওভারটেক করে মোটরসাইকেলটি বাসের মুখোমুখি হয়ে পড়ে। এসময় প্রথমে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের ধাক্কায় ইজিবাইকের উপর গিয়ে পড়ে। তখন বাসও নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেছেন, দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



