

জনতার ডাকঃ ৩২হাজার ২৫০ ডলারসহ এক নারী যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি।
সোমবার (১ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিপা নামের যাত্রীকে আটক করা হয়।
পুলিশ জানায়, দুবাইগামী একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে আসেন নিপা। তার সঙ্গে থাকা ব্যাগটির সন্দেহ হলে দায়িত্বরত স্ক্যানাররা নিপার তল্লাশি চালিয়ে বৈদেশিক মুদ্রা জব্দ করেন।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগের ভেতরে ৩২ হাজার ২৫০ ইউএস ডলার জব্দ করে। জানা যায়, বৈদেশিক মুদ্রাসহ যাত্রী নিপাকে ঢাকা কাস্টম হাউসের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তুলে দেওয়া হয়।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক বলেন, যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে বিমানবন্দর থানায় তুলে দেওয়া হয়েছে।



