ফাইভ জি’র অনুষ্ঠানে ঢুকতে বাধা, চীনা প্রতিষ্ঠানকে ক্ষমা চাওয়ার নির্দেশ

দেশে ফাইভ জি নেটওয়ার্ক পরীক্ষামূলকভাবে চালুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করা নিয়ে চীনের বহুজাতিক ফোন নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান “হুয়াওয়ে”-এর কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হুয়াওয়ে’র কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
জানা গেছে, টেলিটকের ফাইভ জি প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহের কাজ করছে নোকিয়া করপোরেশন এবং হুয়াওয়ে। এছাড়া, ফাইভ জি প্রকল্পের কিছু কাজে চীনের সরকারি প্রতিষ্ঠান জেডটিই-ও যুক্ত।
গত ১২ ডিসেম্বর রাজধানীর র্যাডিসন হোটেলে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের ফাইভ জি চালুর উদ্বোধন অনুষ্ঠান ছিল।
টেলিটকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানানোর দায়িত্বে ছিল হুয়াওয়ের কয়েকজন বাংলাদেশি ও চীনা কর্মকর্তা। এ সময় চীনের সরকারি প্রতিষ্ঠান জেডটিইর প্রতিনিধিরা সেখানে উপস্থিত হলে তাদের প্রবেশে বাধা দেন হুয়াওয়ের কর্মকর্তারা।
এ সময় জেডটিই বাংলাদেশের প্রধান নির্বাহী (সিইও) ভিনসেন্ট লিউ নিজের আমন্ত্রণপত্র দেখালে আমন্ত্রণপত্রটি ছিঁড়ে ফেলেন হুয়াওয়ের এক কর্মকর্তা। এ ঘটনার পর অনুষ্ঠানস্থল ত্যাগ করেন জেডটিই’র কর্মকর্তারা।
ডাক ও টেলিযোগযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “হুওয়াওকে একদম সরাসরি ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে।”
মন্ত্রী জানান, এরপর আর কোনো অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানাতে হুয়াওয়ের কাউকে রাখা হবে না।
এ বিষয়ে হুয়াওয়ের কর্মকর্তাদের দাবি, তাদের চীনা কর্মকর্তাদের কয়েকজন লোক চড়াও হওয়ায় তারা এমন কাজ করেছে।
এদিকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু চীনের দুই প্রতিষ্ঠানের মধ্যেই নয়, অনুষ্ঠানে টেলিটকের কর্মকর্তাদের সঙ্গেও “হাতাহাতি”র ঘটনা ঘটেছে সেদিন।
টেলিটকের এক কর্মকর্তা জানান, চীনের দুই প্রতিষ্ঠানের লোকজনের হইচই শুনে টেলিটকের কর্মকর্তারা তাদের ওপর হামলা হয়েছে এমন গুজবে হুয়াওয়ের লোকজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট এর প্রধান ইউয়িং কার্ল জানান, অনুষ্ঠানে একটি অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটি সংশোধনের জন্য আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ করা হচ্ছে।



