

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস শুরু হয়েছে। দলের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের কংগ্রেসের মধ্য দিয়ে আসবে যুবলীগের নতুন নেতৃত্ব।
সকাল ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলন স্থলে এসে পৌঁছানোর পরে প্রথমে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এ সময় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি চয়ন ইসলাম, সদস্য সচিব হারূনুর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সেখানেই যুবলীগের নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
প্রায় সাত বছর পর হতে যাওয়া কংগ্রেসকে ঘিরে যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। কংগ্রেসে অংশ নিতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন।
এর আগে বেলা ১১ টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানান সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনাকে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা যুবলীগ’ স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে পদ্মা সেতুর আদলে তৈরি মঞ্চে আসন গ্রহণ করেন তিনি।



