

অনিক তার পিতার কাছে নেশা করার জন্য টাকা দাবি করে। কিন্তু পিতা টাকা না দেওয়ায় অনিক পিতা-মাতাকে মারধর করে এবং তার পিতার মুক্তিযোদ্ধা সনদ, জমি-জমার দলিল, পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে।
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকাশক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন মুক্তিযোদ্ধা পিতা। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার উপজেলার চন্ডিপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানের ছেলে বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ সজীব হাওলাদার অনিক (২০) নেশার টাকা না পেয়ে তার পিতা-মাতাকে মারধর করে। পরে মুক্তিযোদ্ধা পিতা ইন্দুরকানী থানা পুলিশের খবর দিয়ে তাদের হাতে মাদকাশক্ত ছেলেকে তুলে দেয়।
স্বজনেরা বলেন, সোমবার (২০ জানুয়ারি) বিকালে অনিক তার পিতার কাছে নেশা করার জন্য টাকা দাবি করে। কিন্তু পিতা টাকা না দেওয়ায় অনিক পিতা-মাতাকে মারধর করে এবং তার পিতার মুক্তিযোদ্ধা সনদ, জমি-জমার দলিল, পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে।
অনিক দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের লোকজন শত চেষ্টা করেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেননি।
মাদকসেবী অনিকের পিতা মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান জানান, আমার ছেলে মাদক সেবনের জন্য টাকা দাবি করলে আমি টাকা না দেওয়ায় আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে এবং দা নিয়ে আমাদের কোপাতে আসে। পরে আমি নিরুপায় হয়ে ইন্দুরকানী থানা পুলিশে খবর দিয়ে তাদের হাতে ছেলেকে তুলে দেই।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, নেশাগ্রস্ত ছেলে পিতা-মাতাকে মারধরের খবর শুনে তাকে আমরা থানায় নিয়ে আসি। পরে মঙ্গলবার (২১ জানুয়ারি) নেশাগ্রস্ত অনিককে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে



