রাজনীতিসাহিত্য

সিলেট-২ আসনে আ.লীগের শফিকই, অপেক্ষা জোটের সিদ্ধান্তের

নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম শেষ হবে আজ সোমবার। ইতোমধ্যে ৩০০ আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা চার হাজারের কোঠায় পৌছেছে। আগামী ১৪ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এরপরই ঘোষণা করা হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কারা।

এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির তৃতীয় দিন রবিবার পর্যন্ত সিলেটের ৬টি আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় ৪০জন নেতা। এরমধ্যে বর্তমান সংসদ সদস্য এবং তরুণ নেতারাও রয়েছেন।

রবিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) দলের মনোনয়ন চেয়েছেন ৫ জন। তারা হচ্ছে- সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ ড. তৌফিক রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কাজী মো. শাহজাহান।

এ আসনে ৫ জন নেতা মনোনয়ন চাইলেও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকেই আবারো সিলেট-২ এ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। দলের কেন্দ্রীয় একটি সুত্র এ তথ্য জানিয়েছে।

তবে দল থেকে মনোনয়ন পেলেও নির্বাচনের জন্য জোটের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকতে হবে শফিক চৌধুরীকে। গত নির্বাচনে শফিকুর রহমান চৌধুরীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হলেও পরে জাতীয় পার্টিকে এ আসন ছেড়ে দেওয়ায় মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

তাই এবারো দলের মনোনয়ন পেলেও মহাজোটের সিদ্ধান্তের পরই নির্বাচনের গ্রীণ কার্ড পাবেন শফিক চৌধুরী।

জানা গেছে- গতবারের চেয়ে এবার ৫ হাজার টাকা বারিয়ে দলীয় মনোনয়নের ফিস ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত বৃহস্পতিবার। ঘোষিত তফসিল অনুযায়ী আগমী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ সময় দেওয়া হয়েছে ১৯ নভেম্বর পর্যন্ত। এছাড়া ২২ নভেম্বর মনোনয়ন পত্র বাছাই এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

Related Articles

Leave a Reply

Back to top button