সিলেটে বিএনপিকে ছাড় দিতে নারাজ ইসলামী দলগুলো

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের রাজনীতিতে এখন জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই নির্বাচনী হাওয়া তুঙ্গে। তবে পিছিয়ে নিয়ে ইসলামী দলগুলোও। আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ইসলামী দলগুলো আটঘাট বেঁধেই মাঠে নামছে। সিলেটে সংসদীয় আসন রয়েছে ছয়টি। তন্মধ্যে সিলেট-২, সিলেট-৩, সিলেট-৫ ও সিলেট-৬ আসনগুলোতে নিজেদের প্রার্থী চায় ইসলামী দলগুলো। তিনটি আসনে খেলাফত মজলিস, একটি আসনে নিজদলীয় প্রার্থী চায় ইসলামী ঐক্যজোট এবং জমিয়তে উলামায়ে ইসলামী।
সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে প্রার্থী চায় খেলাফত মজলিস। এ আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা ‘নিখোঁজ’ ইলিয়াস আলী। বিএনপি ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে এ আসনে মনোনয়ন দিচ্ছে, এটা প্রায় নিশ্চিত। কিন্তু খেলাফত মজলিস বলছে, ইলিয়াসের অবর্তমানে সিলেট-২ আসনে বিএনপি বিভক্ত হয়ে পড়েছে। বিপরীতে খেলাফত মজলিস সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছে।
সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) বিএনপি থেকে সাবেক সংসদ শফি আহমদ চৌধুরী, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা কাইয়ুম চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ব্যারিস্টার আবদুস সালাম সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। তবে এ আসনে ২০ দলীয় জোট থেকে একক প্রার্থী দিতে চায় খেলাফত মজলিস। সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসাইনকে প্রার্থী হিসেবেও চূড়ান্ত করেছে খেলাফত।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক এনামুল হাসান ছাবীরের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। গত ১৬ আগস্ট জকিগঞ্জে এ প্রার্থীতা ঘোষণা করা হয়। এ আসনে বিএনপি থেকে নির্বাচনে লড়তে আগ্রহী কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ, সাবেক সাংসদ আবুল কাহির চৌধুরী ও কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী। এদিকে, এ আসনে ২০ দলীয় জোটের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামীও প্রার্থী দিতে চায়। দলের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা হাফিজ আবদুর রহমান সিদ্দিকীকে চূড়ান্ত করা হয়েছে প্রার্থী হিসেবে। ১৯৯১ সালে সংসদ নির্বাচনে এ আসনটিতে খেলাফত মজলিস নেতা মাওলানা উবায়দুল হক উজিরপুরী নির্বাচিত হয়েছিলেন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আবদুর রকিব আগামী নির্বাচনে ২০ দলীয় জোট থেকে লড়তে চান। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও অপর একটি দলের সভাপতি হিসেবে পদাধিকার বলেই তিনি এ আসনে নির্বাচন করতে চান বলে তার একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাওলানা রশীদ আহমদ।
এ ব্যাপারে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেন, ‘সিলেট-২ আসনে ইলিয়াস আলী জনপ্রিয় ছিলেন। কিন্তু তার অবর্তমানে এ আসনে বিএনপি বহুধা বিভক্ত হয়ে পড়ায় দলটির প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে শক্তিশালী সাংগঠনিক অবস্থানের কারণে এই আসনে খেলাফত মজলিসের ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে। গত উপজেলা নির্বাচনে বালাগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে খেলাফত মজলিসের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। একই পদে বিশ্বনাথেও হাড্ডাহাড্ডি লড়াই করেন খেলাফত মজলিসের প্রার্থী। বিশ্বনাথ বালাগঞ্জে প্রচুর কওমী মাদরাসা রয়েছে। যেগুলো খেলাফতের ভোট ব্যাংক হিসেবে বিবেচিত।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি জোট থেকে খেলাফত মজলিসকে প্রার্থী না দেওয়া হয়, তবে সিলেট-২ ও ৩ উন্মুক্ত রাখতে দলের পক্ষ থেকে দাবি জানানো হবে। জোটে মনোনয়ন না পেলেও দলের প্রার্থী হিসেবে আসন দুটিতে খেলাফতের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসাইন বলেন, ‘সিলেট-৩ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী নেই ও দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট। যে কারণে আসনটি আওয়ামী লীগের দখল থেকে উদ্ধার করতে খেলাফতের বিকল্প নেই।’
সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামীর সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা হাফিজ আবদুর রহমান সিদ্দিকী বলেন, ‘জকিগঞ্জ কানাইঘাটে ধর্মপ্রাণ মানুষের সংখ্যা বেশি। নির্বাচন করে এই আসন থেকে বিএনপি কখনো ভালো ফলাফল করতে পারেনি। তাই এ আসনে জমিয়ত এবার দলীয় প্রার্থী চায়।’
ইসলামী দলগুলোর অবস্থান বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘জোটে শরিক যারা আছে তারা মনোনয়ন চাইতেই পারে। তবে প্রতিটি আসনে সংগঠনগুলোর জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থা ও প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে জোট মনোনয়ন দেবে। এ ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’




