পরমাণু অস্ত্র নিয়ে চার দেশের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক
পরমাণু অস্ত্র নিয়ে চার দেশের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক


শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, আলোচনাটি ‘একটি নিয়মিত, অব্যাহত সংলাপের’ অংশ।
এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ওয়াশিংটন ১৩ ও ১৪ জুন কায়রোতে পাঁচটি পারমাণবিক অস্ত্র রাষ্ট্রের মধ্যে বৈঠকের আয়োজন করেছে। এটিকে ‘নিউক্লিয়ার ননপ্রফিলারেশন ট্রিটির (এনপিটি) প্রেক্ষাপটে একটি চলমান বিনিময়’ হিসাবে বর্ণনা করেছে তারা।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞদের আনা হয়েছে। তারা ‘কৌশলগত ঝুঁকি হ্রাস, সেইসাথে পারমাণবিক মতবাদ এবং নীতি নিয়ে আলোচনা করেছে’।
১৯৭০ সালে কার্যকর করা এনপিটি’র লক্ষ্য হল পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতার বিস্তার বন্ধ করা এবং সদস্যদের শান্তির জন্য পারমাণবিক শক্তি বিকাশের অধিকারের নিশ্চয়তা দেওয়া।
চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়।
স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, বিশেষজ্ঞ প্রতিনিধিরা ফেব্রুয়ারিতে দুবাইতে এনপিটি-এর অধীনে সংলাপের অংশ হিসেবে মিলিত হয়েছিল, বর্তমানে যার সভাপতিত্ব করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, বহুপাক্ষিক দুটি আলোচনাই পেশাদার ও হিতকর ছিল। তবে কোনো দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিলো কিনা সে প্রশ্নের উত্তর দেননি তিনি।



