সারাদেশ

বায়তুল মোকাররম মসজিদে ঝাড়ু হাতে মেয়র

 

 

বায়তুল মোকাররম মসজিদের ফ্লোর পরিষ্কার করছেন মেয়র সাঈদ খোকন/

ঢাকা: পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যয়ে নিজেই ঝাড়ু হাতে জাতীয় মসিজদ বায়তুল মোকাররম পরিষ্কার করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আসন্ন রমজান উপলক্ষে বুধবার (০৯ মে) বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় মসজিদ পরিচ্ছন্ন ও ধৌতকরণ কাজে অংশগ্রহণ করেন মেয়র।

পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা যেন পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত বন্দেগী করতে পারেন সে জন্য ডিএসসিসি কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের পরিচ্ছন্নতাকরণ কাজের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র। তিনি স্বেচ্ছাসেবী, এলাকাবাসী, কাউন্সিলরসহ সবাইকে নিজ নিজ এলাকার মসজিদসমূহ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসা এবং করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকাণ্ডে শরীক হওয়ার আহ্বান জানান।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মো. আফজাল, করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ফরিদউদ্দিন আহমেদ রতন, হুমায়ুন কবীর, ডিএসসিসি’র সচিব খান মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, মুসল্লিরাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ একাজে অংশ গ্রহণ করেন।

মেয়র সাঈদ খোকন বলেন, ঈদের কেনাকাটার জন্য প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশ থেকে ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের মানুষ রাজধনীতে আসায় যানজটের ক্ষেত্রে একটা বড় চাপের সৃষ্টি হয়। রমজান মাসে রোজাদাররা যেন বাড়িতে ফিরে প্রিয়জনদের সঙ্গে একত্রে ইফতার করতে পারে সেজন্য নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ এবং ফুটপাতগুলো পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট চালু রাখা হবে।

পরে মেয়র মুসল্লিদের সঙ্গে একত্রে বায়তুল মোকাররম মসজিদে নামাজ আদায় করেন। এরপর মসজিদের বিভিন্ন স্থান সরেজমিন পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button