সারাদেশ
ভোট শুরুর ২ ঘণ্টা আগে মেম্বার প্রার্থীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট শুরুর ২ ঘণ্টা আগে মো. মনির উদ্দিন তালুকদার নামে এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
এই সদস্য প্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন ফুটবল মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, মনির উদ্দিন ফুটবল মার্কার সদস্য প্রার্থী ছিলেন। ভোট শুরু ২ ঘণ্টা আগে ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, ‘যতটুকু শুনেছি, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। আমরা তার বাড়িতেই আছি। তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়েনি। এখানে একই পদে আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাভাবিকভাবেই ভোট চলছে।’
তিনি আরও বলেন, ‘যদি মৃত ব্যক্তি নির্বাচিত হন, তবে সেক্ষেত্রে উপ-নির্বাচন হবে।’
রোববার ভোর ৮টা থেকে কর্ণফুলী উপজেলার চারটি, পটিয়ার ১৭টি এবং লোহাগাড়ার ছয়টিসহ মোট চট্টগ্রাম জেলার মোট ২৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে পটিয়ার তিন, লোহাগাড়ার দুই এবং কর্ণফুলী এক ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।



