জাতীয়

সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় নিহত বেড়ে ৩৬

ঝালকাঠিতে এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সকালে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, এমভি অভিযান-১০ লঞ্চটি ঢাকা থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় আসলে গত রাত ৩টার দিকে ইঞ্জিন কক্ষে আগুন লাগে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লঞ্চ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, দদ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্মকর্তারা উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

যেসব মরদেহ এখন পর্যন্ত পাওয়া গেছে, তাদের মধ্যে তিনটি পানতে ভাসছিল। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক জানান, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। দগ্ধ যাত্রীদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button