
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর আট নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দিয়ে সাত্তার ভুঁইয়া বলেন, ইভিএমে ভোট দিতে পেরে ভালো লাগছে। জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। জিতলে এলাকার বাকি কাজগুলো শেষ করবো ইনশাআল্লাহ।
এসময় আবদুস সাত্তার ভুঁইয়ার ছেলে নাজমুল হাসান তুষার, সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক রিফাত জিয়া, আওয়ামী লীগের নেতা কুতুবুল আলম তার সঙ্গে ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আবদুস সাত্তার ভুঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর তিনি দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

আসনটিতে আবদুস সাত্তারসহ চারজন প্রার্থী আছেন। অন্য তিনজন হলেন- আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী এবং জাকের পার্টির জহিরুল ইসলাম।
গত ২৯ ডিসেম্বর রাতে ঢাকায় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে চেয়ারপারসনের উপদেষ্টার পদ ছাড়েন পাঁচ বারের এমপি সাত্তার। গত এক জানুয়ারি আবদুর রশিদ নামের এক ব্যক্তি তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। চার জানুয়ারি ছেলে মাঈনুল ইসলাম ভুঁইয়া বাবার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।



