সিলেট জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম সমিতির রান্না করা খাবার বিতরণ


জৈন্তাপুর প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির এর উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুন) বাদ যোহর ২টা থেকে শুরু করে সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের জৈন্তা দারুছ-ছুন্নাহ মাদরাসা আশ্রয় কেন্দ্র, নিজপাট যশপুর আশ্রয় কেন্দ্র, জালালবস্তি, ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভিত্রিখেল, ৯নং ওয়ার্ড বিড়াখাই উত্তর এলাকায় অসহায় মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন-
জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আনোরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ সামছুজ্জামান, উজানী নগড় জামে মসজিদের ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওঃ রফিকুল ইসলাম রায়হান, যশপুর-গৌরীশংকর জামে মসজিদের ইমাম হাফিজ মাওঃ জুনাইদ আহমদ, দর্জিহাটী জামে মসজিদের ইমাম ক্বারী মাওঃ মঈনুল ইসলাম, নিজপাট মোকামটিলা জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল্লাহ, মনিং বার্ডস কিন্ডার গার্টেন স্কুল শিক্ষক মাস্টার রমিজ উদ্দীন ও দলিল লিখক মোঃ সেলিম আহমদ প্রমুখ।
খাবার বিতরণকালে বক্তারা বলেন, বন্যায় মানুষের জীবন বিপর্যস্ত। অনাহারে-অর্ধাহারে বন্যার্তরা দিন কাটাচ্ছেন। এই মুহুর্তে শুকনো খাবারের চেয়ে রান্না করা খাবার খুবই প্রয়োজন। কারণ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অনেকের চুলা নষ্ট হয়ে গেছে বা অনেকের চুলায় এখনো পানি রয়েছে। এছাড়া বক্তারা বলেন জাতীয় ইমাম সমিতি সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এসব কাজের ধারাবাহিকতায় বন্যাকবলিত এলাকায় কষ্টপীড়িত পানিবন্দি মানুষদের মধ্যে খাবার বিতরণ করে যাচ্ছি।
তারা অসহায় মানুষের পাশে জাতীয় ইমাম সমিতির মতো সমাজের অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।



