অর্থনীতিজাতীয়পরিবারসারাদেশসিলেট বিভাগস্পেশাল

সোনালী ব্যাংক নেবে ২২৭৬ জন কর্মকর্তা

সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে দুই হাজার ২৭৬ জন কর্মকর্তা নেবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড। পুরো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে ৭০১ জন, অফিসার  পদে ৮২০ জন ও অফিসার ক্যাশ পদে ৭৫৫ জনসহ মোট দুই হাজার ২৭৬ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। তিন পদে দেওয়া হয়েছে আলাদা তিনটি বিজ্ঞপ্তি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) ও বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো পাওয়া যাবে bit.ly/1OCw8PU লিংকে। সিনিয়র অফিসার পদে আবেদন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। চলবে ১৬ মার্চ পর্যন্ত। অফিসার পদে আবেদন শুরু হবে ৩ মার্চ, শেষ তারিখ ১৩ মার্চ। অফিসার ক্যাশ পদে ১০ থেকে ৩০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লাইলা বিলকিস আরা জানান, সিনিয়র অফিসার পদে আবেদনকারীর চার বছরমেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অফিসার ও অফিসার ক্যাশ পদে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সব পদে প্রার্থীদের শিক্ষাজীবনে এসএসসি থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে একটিতে প্রথম বিভাগ, শ্রেণি বা সমমানের গ্রেড থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা চলবে না। থাকতে হবে কম্পিউটারে দক্ষতা।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর কম দ্বিতীয় ও জিপিএ ১.০০ থেকে ২.০০-এর কম হলে তৃতীয় বিভাগ ধরা হবে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ বা শ্রেণি, ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০-এর কম দ্বিতীয়, ১.৬৫ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫-এর কম তৃতীয় বিভাগ বা শ্রেণি ধরা হবে। ৫ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব প্রথম, ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫-এর কম দ্বিতীয় ও ২.০৬৩ বা তদূর্ধ্ব কিন্তু ২.৮১৩-এর কম হলে ধরা হবে তৃতীয় বিভাগ বা শ্রেণি।

১ জানুয়ারি ২০১৬ তারিখে আবেদনকারীর বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদনের নিয়ম
আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করা যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। ১৫ নভেম্বর ২০০৯ বা তার পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের সিভি ব্যাংকে রেজিস্ট্রেশন করা থাকলে নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না, সিভি আইডেন্টিফিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করা যাবে। তবে নতুন আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের সময় ফলাফলের ঘরে পরীক্ষা নিয়ন্ত্রকের প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে হবে স্বামীর স্থায়ী ঠিকানা। আপলোড করতে হবে ৬০০ বাই ৬০০ পিক্সেল ও সর্বোচ্চ ৮০ কিলোবাইটের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল ও সর্বোচ্চ ৬০ কিলোবাইটের স্বাক্ষরের স্ক্যান কপি। আপলোড করার পর ছবি পরিবর্তন করা যাবে না। অনলাইনে আবেদন শেষে দেওয়া হবে একটি ট্র্যাকিং নম্বরযুক্ত ফরম। এটি সংরক্ষণ করতে হবে। আবেদনসংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বা জানার থাকলে ই-মেইল করা হবে oa.query@bb.org.bd ঠিকানায়।

চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র লাগবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র।

নিয়োগ পদ্ধতি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব লাইলা বিলকিস আরা জানান, আবেদনপত্র গ্রহণ ও যাচাই-বাছাই শেষে নিয়োগ পরীক্ষার তারিখ জানানো হবে। ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রার্থীদের অ্যাডমিট কার্ডে পরীক্ষার মানবণ্টন উল্লেখ থাকবে। তবে বিগত বছরের ব্যাংক নিয়োগ পরীক্ষার মতো এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা নেওয়া হতে পারে। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ও পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

পরীক্ষার প্রস্তুতি
আবেদন প্রক্রিয়া অনলাইনে হওয়ায় ঝক্কিঝামেলা তুলনামূলক কম। আবেদন শেষেই শুরু করতে হবে পরীক্ষার প্রস্তুতি। সোনালী ব্যাংকের যশোর বাঘারপাড়া শাখার সিনিয়র অফিসার মো. মোকাম উদ্দিন জানান, বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন প্রায় একই রকম হয়। প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পেতে বিগত বছরের প্রশ্নপত্র দেখতে হবে। এমসিকিউ পরীক্ষায় সাধারণত বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে।

তথ্যপ্রযুক্তি ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কিছু প্রশ্ন থাকতে পারে। লিখিত পরীক্ষায় আসে বাংলা, ইংরেজি ও গণিত। ব্যাংক রিক্রুটমেন্ট গাইড এবং কি টু ব্যাংক জব থেকে বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলে পরীক্ষায় ভালো করা যাবে।

বাংলা
বাংলা অংশে বহুনির্বাচনী প্রশ্ন করা হয় সাহিত্য ও ব্যাকরণ থেকে। মাধ্যমিক পর্যায়ের বাংলা পাঠ্যবই থেকে কবি-সাহিত্যিকদের জীবনী অংশ ভালোভাবে পড়তে হবে। নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বই থেকে এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রতিশব্দ, শুদ্ধ-অশুদ্ধ নির্ণয়, ধ্বনি, সন্ধি ও কারক বিভক্তি ভালোভাবে আয়ত্তে আনতে হবে। বিসিএস প্রিলিমিনারির বাংলা বই এমসিকিউ পরীক্ষা প্রস্তুতিতে সহায়ক হবে। লিখিত পরীক্ষায় পত্র দরখাস্ত ও নির্ধারিত বিষয়ে অনুচ্ছেদ বা রচনা লিখন আসে। অনুচ্ছেদ বা রচনা লিখনের ক্ষেত্রে লেখা যতটা সম্ভব তথ্যবহুল হতে হবে।

ইংরেজি
ইংরেজিতে Analogy, Right form of verbs, Phrase and Idioms, Synonym, Antonym, Correct Spelling, Preposition, Voice, Narration থেকে প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষায় আসে Translation, Letter, Essay Writing. সাম্প্রতিক বিষয়ের ওপর Essay আসার সম্ভাবনা বেশি থাকে।

গণিত
সোনালী ব্যাংকের ঝিনাইদহের রবি নারকেলবাড়িয়া শাখার সিনিয়র অফিসার মো. মিজানুর রহমান জানান, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে গণিতে ভালো করতে হবে। এমসিকিউ ও লিখিত উভয় পরীক্ষায় পাটিগণিত ও বীজগণিত থেকে প্রশ্ন আসে। মৌলিক ধারণার জন্য অষ্টম থেকে দশম শ্রেণির পাঠ্যবই দেখতে হবে। আর অনুশীলনের জন্য সাইফুরস ম্যাথ, এমবিএ অ্যাডমিশন গাইড ও ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক সহায়ক হবে। দ্রুত উত্তর করার জন্য জানতে হবে শর্টকাট টেকনিক।

সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ, ইতিহাস ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়ত্তে রাখতে হবে। আজকের বিশ্ব, নতুন বিশ্ব, এমপি থ্রি, বিসিএস প্রিলিমিনারির বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির বই ও মাসিক তথ্যভিত্তিক পত্রিকা সহায়ক হবে।

মৌখিক পরীক্ষা
মো. মিজানুর রহমান জানান, প্রার্থী স্নাতক পর্যায়ে যে বিষয়ে পড়াশোনা করেছে ভাইভায় সে বিষয় সম্পর্কেই বেশি প্রশ্ন করা হয়। পাশাপাশি ব্যাংকিং, অর্থনীতি ও সাম্প্রতিক বিষয়ে প্রশ্ন করা হতে পারে। মৌখিক পরীক্ষায় নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে হবে।

বেতন-ভাতা
জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী সিনিয়র অফিসার পদে ২২০০০-৫৩০৬০ টাকা, অফিসার ও অফিসার ক্যাশ পদে ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন পাবেন। পাশাপাশি দেওয়া হবে নিয়মানুযায়ী অন্যান্য সুযোগসুবিধা। তবে শিক্ষানবিশকালে সিনিয়র অফিসার পদে মাসিক সাকল্যে ৩২৩০০ টাকা, অফিসার ও অফিসার ক্যাশ পদে ২৪৭০০ টাকা দেওয়া হবে –niuk

Related Articles

Leave a Reply

Back to top button