জাতীয়সারাদেশ

দেশব্যাপী জাবির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের প্রতিবাদী কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র এবং ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে রাজধানীসহ সারাদেশে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় শিপন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে সারাদেশে গজিয়ে ওঠা অবৈধ হাসপাতালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

গত ৯ই নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালটির কর্মীদের নির্মম নির্যাতনে নিহত হন মেধাবী এই পুলিশ কর্মকর্তা। যা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় সুষ্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মানববন্ধন-বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসার নামে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারাদেশে যেসব অবৈধ হাসপাতাল রয়েছে সেসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সমাবেশে জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিল, সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন সৈকত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন তুহিন রেজা, মোহাম্মদ সোহেল পারভেজ, এস এম সাদাত হোসেন, সাংবাদিক চকর মালিথা, রাশেদ মেহেদী, আলমগীর স্বপন, কাজী জাকির হোসেন, জাহিদুর ররহমান খান, এস এম নূরুজ্জামান, রেজাউল হক কৌশিক, রাশেদ রেজা ডিকেন, নাবিলা নুহাত চৈতি, গোলাম মুজতবা ধ্রুব, আয়েশা আক্তার ইতি, ড. মো. শাহাদাত হোসেন, শেখ মো. নূরুজ্জামান ও সৈয়দ মাহমুদ আলী রতনসহ আরও অনেকে।

একই দাবিতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

ময়মনসিংহে শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা অভিযোগ করে বলেন, মাইন্ড এইড হাসপাতালে আনিসুলকে হত্যা করা হয়েছে। এই হত্যার দ্রুত ন্যায়বিচার চান তারা। তাছাড়া এই ধরনের অবৈধ হাসপাতাল বন্ধের দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। একই কর্মসূচি পালিত হয়েছে জেলার ভালুকা ও গফরগাঁও উপজেলায়।  

এছাড়া শিপন হত্যাকান্ডের প্রতিবাদে নারায়নগঞ্জে মানববন্ধন ও র্যা লি করা হয়েছে। আজ সকাল ১১টায় জেলা শহরের চাষাড়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যা লিটি শুরু করেন জাবির প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা।পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এছাড়া নোয়াখালী, বরিশাল, মুন্সীগঞ্জ, যশোর, বগুড়া, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন পালিত হয়েছে। এর আগে একই দাবিতে গতকাল ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

উল্লেখ্য, হত্যাকাণ্ডের শিকার আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। ১৯৮৪ সালের ২১শে নভেম্বর তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বোর্ডের অধীনে ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে প্রাণরসায়ন-এ এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ৩১তম বিসিএস-এ অসামান্য কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। পুলিশ ক্যাডারে দ্বিতীয় স্থান পেয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিকালীন তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যা বসহ দেশের বিভিন্ন স্থানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন খুবই মেধাবী, বন্ধুবৎসল, পরোপকারী, অজাতশক্র এবং নিরহংকারী একজন মানুষ।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button