আইন

মামলাজট নিরসনে বিচারক সংখ্যা দ্বিগুণ করতে হবে: প্রধান বিচারপতি

মামলাজট নিরসনে পর্যায়ক্রমে আপিল বিভাগ থেকে নিম্ন আদালত পর্যন্ত বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। একই সঙ্গে জট কমাতে সর্বোচ্চ স্তরের বিচারকদের আরও পরিশ্রম করারও অনুরোধ জানান তিনি।

বুধবার আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বিপুল সংখ্যক মামলার জট এখন বিচার বিভাগে বড় চ্যালেঞ্জ। এ জট কমাতে পর্যায়ক্রমে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন।

এসময় দেশের গণতন্ত্রের উন্নয়নে রাষ্ট্রের তিনটি অঙ্গ- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার তাগিদ দেন বিচারপতি। তিনি বলেন, এ তিন অঙ্গের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গণতন্ত্র বিকশিত করে।

আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি। তবে ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হচ্ছে। আর অবকাশে বসবে না সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া ১৬–১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। তাই প্রধান বিচারপতি হিসেবে বুধবারই (১৫ ডিসেম্বর) শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের।

রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এদিকে অবমূল্যায়নের অভিযোগ এনে এ সংবর্ধনা বর্জন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ বিষয়ে সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অভিযোগ করে জানান, সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সঠিক ওয়েতে জানানো হয়নি। এজন্য তারা সংবর্ধনা বর্জন করেছেন।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button